সাবস্ক্রিপশন থাকলেও বিজ্ঞাপন দেখাবে অ্যামাজন প্রাইম ভিডিও
অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে সাবস্ক্রিপশন থাকলেও বিজ্ঞাপন পরিবেশনের পরিকল্পনা করা হয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, মেক্সিকো, স্পেন, ব্রিটেনের পর এবার আরও কয়েকটি দেশে এই নিয়ম জারি হতে চলেছে।
উক্ত দেশগুলোতে চলতি বছরের শুরু থেকেই সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানো শুরু করেছে অ্যামাজন।
প্রসঙ্গত, আগামী বছর থেক ভারত, ব্রাজিল, জাপান, নেদারল্যান্ডসহ নিউজিল্যান্ডেও সাবস্ক্রিপশন থাকা ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানো শুরু করতে চলেছে অ্যামাজন। সংস্থাটি জানিয়েছে, কনটেন্টে ফান্ডিং বজায় রাখতে বিজ্ঞাপন দেখানো জরুরি। অর্থাৎ এক কথায় আয় বাড়াতেই এই পদক্ষেপ নিতে চলেছে তারা।
অ্যামাজন বিজ্ঞাপন দেখানোর বিষয়ে সাফাই দিয়েছে, টিভি ও অন্যান্য স্ট্রিমিংয়ের তুলনায় কম অ্যাড দেখানো হবে। পাশাপাশি জানানো হয়েছে, বিজ্ঞাপন না দেখার জন্য আলাদা সাবস্ক্রিপশন প্ল্যান আনা হবে। শিগগিরই এর মূল্য প্রকাশ করা হবে।
এদিকে বিজ্ঞাপন চালু করার কয়েক সপ্তাহ আগে থেকে ব্যবহারকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ইমেইলের মাধ্যমে অবগত করা হবে বলে জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি







